পাবনার বেড়া পৌর এলাকার আমাইকোলা মহল্লার এক গৃহবধূ একসঙ্গে তিন সন্তান প্রসব করেছেন। প্রাথমিকভাবে তাদের ডাক নাম রাখা হয়েছে পদ্মা, সেতু ও উদ্বোধন।


শনিবার (২৫ জুন) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম নেওয়া ছেলে শিশু তিনটির নাম রাখা হয় পদ্মা, সেতু ও উদ্বোধন।

নবজাতকদের মায়ের নাম সুমী খাতুন। তাদের বাবা মিজানুর রহমান পেশায় রাজমিস্ত্রি।

মিজানুর রহমান বলেন, “গত ২৩ জুন বিকেলে পাবনার পিডিসি হাসপাতালে চিকিৎসককে দেখানোর পর তিনি আমার স্ত্রীকে রাজশাহী নিয়ে যাওয়ার পরামর্শ দেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর শনিবার (২৫ জুন) দুপুর আড়াইটার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিন ছেলে সন্তানের জন্ম হয়।”

তিনি আরও বলেন, “তিন সন্তানের ডাক নাম হিসেবে পদ্মা, সেতু ও উদ্বোধন রাখা হয়েছে। পরে তাদের ভালো নাম রাখা হবে।”

এমন নাম রাখার কারণ জানতে চাইলে মিজানুর ঢাকা ট্রিবিউনকে বলেন, “পদ্মা সেতু আমাদের গর্বের, স্বপ্নের। সেই স্মৃতি ধরে রাখতে মূলত এই নাম রাখা হয়েছে। কোনো পুরস্কার পাওয়ার লোভে আমার সন্তানদের এমন নাম রাখিনি।”

মিজানুর-সুমী দম্পতির তিনটি কন্যা সন্তান রয়েছে। তাদের নাম মীম (১১), জীম (৮) ও সীম (৪)।

তিনি বলেন, “আগের তিনটি সন্তানই মেয়ে হওয়ায় আল্লাহর কাছে ছেলে সন্তান চেয়েছিলাম। আল্লাহ আমাদের মন ভরে দিয়েছেন। আমরা একসঙ্গে তিন ছেলে সন্তান পেয়ে খুব খুশি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।”